spot_img
spot_img

আমার বিরুদ্ধে তৈরি করা মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করতেই আমি পত্রিকার কপি ছিড়েছি: রাশেদ খাঁন

‘আমার দেশ’ পত্রিকার কপি ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। কোনো পত্রিকা ছেঁড়ার উদ্দেশ্যে নয়, আমার বিরুদ্ধে তৈরি করা মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করতেই আমি পত্রিকার কপি ছিড়েছি বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি মর্মে আমার দেশ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি মর্মে আমার দেশ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি। আমি শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেল খেটেছি। আমার কোনো বক্তব্য অপছন্দ হলে, সেটিকে রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেই সমালোচনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাব।

‘আমার দেশ’ তাকে নব্য বিএনপি বলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এ অধিকার পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের নেই। মাহমুদুর রহমান আমাকে বলতে পারেন না যে, আমি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হয়েছি।

তিনি দাবি করেন, আমি জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের তথ্য সামনে এনেছি। এরপর পাল্টা ন্যারেটিভ হিসেবে ‘আমার দেশ’ আমাকে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ তুলেছে।

তিনি আরও বলেন, এই অভিযোগ যদি জামায়াত কিংবা জামায়াত নেতা গোলাম পরওয়ার করতেন, আমি রাজনৈতিক ভাষায় জবাব দিতাম। যেহেতু জামায়াত আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করাতে অপচেষ্টা করেছে। আমি একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেছি, মিথ্যা ও অপবাদকে ছিঁড়ে ফেলেছি।

‘আমার দেশ’কে পত্রিকা হিসেবে স্বীকৃতি না দেওয়ার বক্তব্য তুলে ধরে রাশেদ খাঁন বলেন, ‘আমি কোনো পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না। এটা জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর একটি হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হনন করার কোনো সুযোগ নেই।

পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার দেশ’ এসবের কোনো কিছু অনুসরণ করে না।

এর আগে শনিবার রাতে ‘আমার দেশ’ পত্রিকার একটি কপি ছেঁড়ে ফেসবুক লাইভে নিজের ক্ষোভ প্রকাশ করেন রাশেদ খাঁন। ওই সময় তিনি পত্রিকাটিতে তাকে নিয়ে প্রকাশিত দুটি প্রতিবেদন নিয়েও আপত্তি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ