spot_img
spot_img

তৈরি পোশাকশিল্প টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে: জামায়াত আমীর

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, গার্মেন্টস শিল্প কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ খাতকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো ক্রয়াদেশ না পাওয়ার কারণে তৈরি পোশাক খাত কঠিন সময় পার করছে। অন্যদিকে ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা ব্যয়সহ এ শিল্পে কর্মরত জনশক্তির জীবনও কঠিন সংকটের মুখোমুখি।

তিনি বলেন, দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে শিল্পটির বিদ্যমান সমস্যাগুলো দূর করতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো গেলে অন্যান্য সমস্যাগুলোও যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধান করা সম্ভব হবে।

জামায়াত আমীর বলেন, ‘শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে।’ তাই শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত জনশক্তি, উভয়কে বাঁচানোর দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে।

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যাবে। এ বিষয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ