spot_img
spot_img

৩ লাখ ৯৪ হাজারের বেশি এতিমের দায়িত্ব নিচ্ছে ইমারাতে ইসলামিয়া: মাওলানা হাক্কানি

খোস্ত প্রদেশের কেন্দ্রীয় এতিমখানায় বক্তব্য দেওয়ার সময় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সিরাজউদ্দিন হাক্কানি বলেছেন, ইমারাতে ইসলামিয়া সদস্যদের সন্তান, সাবেক সরকারের সামরিক সদস্যদের সন্তান এবং বেসামরিক এতিম শিশুদের মধ্যে কোনো বৈষম্য না করে তাদের যত্ন ও সহায়তা করছে।

মাওলানা সিরাজউদ্দিন হাক্কানি বলেন, বর্তমানে আফগানিস্তানজুড়ে প্রায় ৪ লাখ এতিম শিশুকে সহায়তা করছে ইমারাতে ইসলামিয়া। তাদের যত্ন ও শিক্ষার বিষয়েও ভবিষ্যতে গুরুত্ব দেওয়া অব্যাহত থাকবে।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া বর্তমানে ৩ লাখ ৯৪ হাজার ৪৫০ জন এতিম শিশুকে সহায়তা করছে। এর মধ্যে আমাদের মুজাহিদীনদের ৯৫ হাজার ৭৩০ জন সন্তান, সাবেক সরকারি কর্মীদের ৭৯ হাজার সন্তান এবং বেসামরিক ২ লাখ ১৯ হাজার ২৭০ জন এতিম শিশু রয়েছে।

এতিম শিশুদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের পিতারা যে লক্ষ্য অর্জনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তারা সেই লক্ষ্য অর্জন করেছেন। আফগানিস্তানে ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তারা আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তারা এখন আর আমাদের মাঝে নেই, তবে আলহামদুলিল্লাহ, সেই লক্ষ্য অর্জিত হয়েছে।

খোস্তের বাসিন্দারা এতিমদের সহায়তায় ইমারাতে ইসলামিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তারা বলেছেন, এখনো অনেক শিশুর শিক্ষা ও যত্নের সুযোগ প্রয়োজন।

খোস্তের বাসিন্দা খালিদ ফায়েজানি বলেন, আফগানিস্তানে এতিমখানাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, কয়েক দশকের সংঘাতে অনেক শিশু তাদের বাবা-মা বা অভিভাবককে হারিয়েছে।

আরেক বাসিন্দা ফজল করিম এতিমদের দেওয়া সহায়তাকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সেবার পরিধি সব প্রদেশে সম্প্রসারিত করা হবে।

এদিকে, খোস্তের কেন্দ্রীয় এতিমখানার ৫০ জন এতিম শিক্ষার্থী কোরআন হেফজ ও তিলাওয়াতের কোর্স সম্পন্ন করে সনদ অর্জন করেছে।

সূত্র : টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ