যুদ্ধের মাধ্যমে কোনো শত্রু ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার (৩ নভেম্বর) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালানোর পাশাপাশি অন্যের অসংগত দাবি ও মিথ্যাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে তেহরান।
সোমবার প্রাদেশিক গভর্নর ও বড় শহরের মেয়রদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, জনগণের সংহতি ও সহযোগিতার মাধ্যমে শত্রুদের তৈরি চ্যালেঞ্জ ও সংকট মোকাবিলা করতে হবে ইরানকে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, তার প্রশাসন আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। এ বিষয়ে ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি প্রশাসনকে কিছু বিশেষ কর্তৃত্ব দিয়েছেন বলেও জানান তিনি।
যুদ্ধে কারও লাভ হয় না মন্তব্য করে পেজেশকিয়ান বলেন, শত্রুরা যুদ্ধের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না। আমরা তাদের মিথ্যাচার ও অতিরিক্ত দাবির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সীমান্ত বাণিজ্য ও লেনদেনে বাধা এবং নিষেধাজ্ঞা আরোপের চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, শত্রুরা সীমান্ত বন্ধ করতে এবং আন্তঃসীমান্ত বাণিজ্য ব্যাহত করতে চায়।
তবে জনগণের সংহতি ও সহযোগিতা শত্রুদের এসব চেষ্টা ও ষড়যন্ত্র বানচাল করতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পেজেশকিয়ান।
জনগণ সরকারের পাশে থাকলে শত্রুদের হুমকি থেকে সৃষ্ট সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলেও জোর দেন ইরানের প্রেসিডেন্ট।
তিনি বলেন, জনগণ যদি আমাদের বিশ্বাস করে, তবে আমরা শক্তির সঙ্গে শত্রুদের মোকাবিলা করতে পারি এবং তাদের চক্রান্ত ও পরিকল্পনা নস্যাৎ করতে পারি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি











