spot_img
spot_img

জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্তে অনড় মালয়েশিয়া

বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্তে অনড় রয়েছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে তাকে প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লিকে কোনো ধরনের প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দেওয়া হয়নি বলেও স্পষ্ট করেছে দেশটি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, ২০১০ সালে ভারত সরকারের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের ‘প্রত্যর্পণ আইন’-এর বিধিবিধানের ভিত্তিতেই এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি ডা. জাকির নায়েকের প্রত্যর্পণ বিষয়ে ভারতের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।

এর আগে ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে ডা. জাকির নায়েককে হস্তান্তরের আবেদন জানায়। পরবর্তী সময়ে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক চিঠির মাধ্যমে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হয়।

সংসদে দেওয়া লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘মালয়েশিয়া সরকার ডা. জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে তাকে প্রত্যর্পণ করার বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।’

বিরোধীদলীয় জোট পেরিকাতান ন্যাশনালের (পিএন) পেংক্যালান চেপা আসনের সংসদ সদস্য দাতুক ড. আহমদ মারজুক শ্যারির এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

ওই সংসদ সদস্য ভারতের করা আবেদনের সর্বশেষ অগ্রগতি, আবেদনের তারিখ এবং ভারত দাখিল করা নথিপত্র মালয়েশিয়ার প্রত্যর্পণ আইন ও দ্বিপক্ষীয় চুক্তির শর্ত পূরণ করেছে কি না, সে বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছিলেন।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ