সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপি নেতাকর্মীরা আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নির্বাচন নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদ বর্তমানে বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার বিরোধী দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় রাখলেও আওয়ামী লীগকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে নমনীয়তা দেখাচ্ছে। সরকার বিরোধী দল কোথায় যাচ্ছে, কী করছে বা কী বলছে, তা জানতে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। অথচ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ও তাদের পরিকল্পনা সম্পর্কে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে দাবি করেন তিনি।
তৈরি পোশাকশিল্পের চলমান আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন বলেও দাবি করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সময়মতো পরিকল্পনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে না পারায় শিল্প খাতে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের মাধ্যমে নৈরাজ্য তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে বিএনপির সরকার পরিচালনার ব্যর্থতা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। একটি আন্দোলন কীভাবে মোকাবিলা করতে হয়, বিএনপি তা না পারলে দায়িত্ব এনসিপিকে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময়ে তারা প্রায় ৫০০টি আন্দোলনে সমঝোতা করেছেন বলে জানান নাহিদ ইসলাম।
তার মতে, সরকারের ওপর জনগণের আস্থা থাকলেই আন্দোলন থামানো সম্ভব। কিন্তু বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা নেই। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারও সরকার পূরণ করেনি বলে অভিযোগ করেন তিনি।
শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলে থাকার সময় বিএনপি শ্রমিক আন্দোলনে উৎসাহ দিয়েছিল। কিন্তু এখন শ্রমিকদের বেতন কাঠামোর কথা বলে তাদের সঙ্গে প্রতারণা করছে। এতে শ্রমিকদেরও বিএনপির ওপর আস্থা কমেছে বলে মন্তব্য করেন তিনি।
তৈরি পোশাকশিল্পের গুরুত্ব বিবেচনায় শ্রমিকদের ন্যায্য দাবির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, শ্রমিকদের দাবির প্রতি সমর্থন থাকলেও সহিংসতা বা সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হোক, তা তারা চান না। শ্রমিকদের কল্যাণে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মাহিন সরকার প্রমুখ।











