রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে কাবুলে সমন্বয় বৈঠক করেছে ইমারাতে ইসলামিয়া। ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মাওলানা আবদুল গনি বারাদারের সভাপতিত্বে আফগানিস্তান ও রুশ ফেডারেশনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৈঠকে অর্থ মন্ত্রণালয় আফগানিস্তান-রাশিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠকের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেছে।
বিবৃতিতে বলা হয়, যৌথ অর্থনৈতিক কমিশনের কার্যক্রম এগিয়ে নিতে একটি পরিকল্পনা তৈরি করে চূড়ান্ত অনুমোদনের জন্য ইমারাতে ইসলামিয়ার নেতার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি তাতারস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক কাজান ফোরামের সাইডলাইনে রুশ পক্ষের সঙ্গে প্রস্তুত করা অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক একটি নথি চূড়ান্ত করা হয়েছে। নথিটি শিগগিরই রুশ ফেডারেশনের সঙ্গে স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ অধিবেশনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অবকাঠামো, বাণিজ্য, বিদ্যুৎ, পরিবহন, খনি, উচ্চশিক্ষা, কৃষি, সেচ, পশুপালন, স্বাস্থ্যসেবা ও ওষুধ, ব্যবসায়িক ভিসা প্রদান, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ ও অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে অংশগ্রহণকারীরা এসব খাতে বিনিয়োগের সুযোগ ও অগ্রাধিকার পর্যালোচনা করেন এবং সেগুলো চিহ্নিত করেন।
সূত্র : আরিয়ানা নিউজ











