spot_img
spot_img

আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের সহায়তা বাড়াচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস

স্বাস্থ্যসেবা, নগদ অর্থ সহায়তা, কারিগরি প্রশিক্ষণ ও অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমের ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানজুড়ে নারী ও কন্যাশিশুদের জন্য সহায়তা বাড়াচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

‘আফগানিস্তান: চ্যালেঞ্জ সত্ত্বেও নারী ও কন্যাশিশুদের এগিয়ে যেতে সহায়তা’ শীর্ষক এক প্রতিবেদনে সংস্থাটি মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, অপুষ্টি মোকাবিলা এবং অসহায় নারীদের অর্থনৈতিক সুযোগ তৈরিতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছে।

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির (এআরসিএস) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে গর্ভবতী ও সন্তানকে বুকের দুধ পান করান এমন নারীদের ছয় মাস ধরে নগদ অর্থ সহায়তা ও পুষ্টিবিষয়ক পরামর্শ দিচ্ছে আইসিআরসি। ২০২৬ সালে চারটি প্রদেশের ১ হাজার ৪০০ নারী এ কর্মসূচির আওতায় সহায়তা পেয়েছেন।

এ ছাড়া এআরসিএসের ৪৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে সহায়তা দিচ্ছে সংস্থাটি। ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এসব কেন্দ্রে নারীদের ৮ লাখের বেশি বহির্বিভাগীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৯৮০টির বেশি প্রসবসেবা, ১ লাখ ১১ হাজার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা এবং ৩৯ হাজার প্রসব-পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নেও বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে আইসিআরসি। ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ৪৩৭ জন প্রতিবন্ধী নারী ও কন্যাশিশুকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ১০১ জনকে দেওয়া হয়েছে সুদমুক্ত ঋণ।

একই সময়ে ৩৩ হাজার ৮০০ জনের বেশি নারী ও কন্যাশিশু ফিজিওথেরাপি পেয়েছেন। ১২ হাজার ৬০০ জনের বেশি পেয়েছেন কৃত্রিম অঙ্গ ও চলাচলে সহায়ক সরঞ্জাম।

এ ছাড়া নারীপ্রধান পরিবারগুলোকে আর্থিক সহায়তা, নারী স্বাস্থ্যকর্মীদের জরুরি চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ এবং বিস্ফোরকজনিত ঝুঁকি সম্পর্কে সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে সংস্থাটি। এসব প্রচারণার আওতায় প্রায় ২ লাখ ৬০ হাজার নারী ও কন্যাশিশুর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।

আইসিআরসি জানিয়েছে, চলমান নানা চ্যালেঞ্জ সত্ত্বেও নারী ও কন্যাশিশুরা যেন প্রয়োজনীয় সেবা পান, নিজেদের স্বাবলম্বিতা বাড়াতে পারেন এবং আরও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন, সে লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ