শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে, তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমীর বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। ইতোমধ্যে এ আন্দোলনের কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনধারণ করা কঠিন হয়ে পড়েছে।
শফিকুর রহমান আরও বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল। কিন্তু সরকার এ পর্যন্ত সেই পদক্ষেপ নিতে পারেনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত গ্রহণে যত বিলম্ব হবে, ক্ষতির পরিমাণ তত বাড়বে।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানীরা বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সতর্কতার পরিচয় দিতে হবে।
এ সময় গাজীপুরে শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানান বিরোধীদলীয় নেতা।











