spot_img
spot_img

শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনের ভাঙচুরের ঘটনাকে এক করে দেখার সুযোগ নেই: রিজভী

পোশাকশিল্পে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া ও পুলিশবক্সে অগ্নিসংযোগের ঘটনাকে এক করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শ্রমিকদের সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে চেষ্টা করেছে এবং এর সমাধানও হয়েছে। শ্রমিক নেতারাও জানিয়েছেন, সংকট মোকাবিলা করা হচ্ছে। ফলে সাম্প্রতিক ঘটনাগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি পোশাকশিল্পে সম্ভাব্য অস্থিরতা নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে তার প্রতিফলন দেখা যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সূত্র থেকে আরও বেশি তথ্য পৌঁছায়। তাঁর আশঙ্কার কিছু প্রতিফলন সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা যাচ্ছে।

রিজভী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন এক বিষয়। আর কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশবক্সে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এসব ঘটনা কারা ঘটাচ্ছে, তা সবার কাছে স্পষ্ট।

পোশাকশিল্পের শ্রমিক আন্দোলনে বিরোধী দলগুলোর সমর্থন প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বিষয়ে তাঁর আলাদা করে কিছু বলার নেই। তবে সাম্প্রতিক ঘটনাগুলো ফ্যাসিবাদের সঙ্গে গুপ্ত রাজনীতির সম্পর্কের বিষয়টি আবারও সামনে এনেছে।

বিরোধী দলগুলোর উদ্দেশে রিজভী বলেন, আগুনে ঘি ঢেলে উত্তেজনা সৃষ্টি করে ধোঁয়াশার মধ্যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা উচিত নয়। এ ধরনের উসকানিতে আগুন ছড়িয়ে পড়তে পারে, যার আঁচ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর গায়েও লাগতে পারে।

তিনি আরও বলেন, সরকার দৃঢ়তার সঙ্গে বিশৃঙ্খলা ও অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। জনগণও যেকোনো ধরনের অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ