আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর নাম ঘোষণা করে দলটি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী। তিনি বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে দলীয় প্রার্থী হয়েছেন হাফেজ মাওলানা মাহবুবুল হক। তিনি দলটির কেন্দ্রীয় নায়েবে আমীর এবং অবিভক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলেম মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর সন্তান।
সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা জানান, স্থানীয় সরকার নির্বাচনে দেশব্যাপী পূর্ণ শক্তিতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও অন্যান্য সিটি করপোরেশনের পাশাপাশি রাজধানীর দুই সিটিতেও সৎ, আদর্শবান ও জনবান্ধব নেতৃত্ব উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য।











