স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মতো চব্বিশের গণঅভ্যুত্থানেরও ঠিকাদার হতে চাইলে অভ্যুত্থান হাতছাড়া হয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল, তারা রাজনীতি থেকে নিঃশেষ হয়ে গেছে। এখন নতুন একটি দল চব্বিশের গণঅভ্যুত্থান নিয়েও একই ধরনের আচরণ শুরু করেছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছে, তারা রাজনীতি থেকে নিঃশেষ হয়েছে। এখন ২৪ নিয়েও নতুন একটি দল একই রকম শুরু করেছে। ২৪ আমাদের, আমাদের করতে থাকলে ২৪ কারও থাকবে না।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যেন প্রশাসনকে ব্যবহার করে আর একদলীয় সরকার গঠন করতে না পারে। এ জন্য প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে চিরস্থায়ী হওয়ার বাসনা ছিল। তৎকালীন ক্ষমতাসীনদের অনেকেই সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার চেষ্টা করেছিলেন। সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত করে নির্বাচন পিছিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল।
দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আধিপত্যবাদ পরাজিত হওয়ায় আঞ্চলিক প্রভুরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। তবে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।











