স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আগামী ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচন প্রমাণ করবে, স্পেন শাসিত হবে নিজ দেশ থেকেই। ওয়াশিংটন, তেল আবিব, বুয়েনস এইরেস কিংবা মস্কো থেকে নয়। একই সঙ্গে আন্তর্জাতিক উগ্র ডানপন্থীদের প্রভাব প্রতিহত করার অঙ্গীকার করেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) স্পেনের তারাগোনায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় নিজের সরকারের পররাষ্ট্রনীতি এবং সামরিক ব্যয় বাড়ানোর বিরোধিতার পক্ষে অবস্থান তুলে ধরেন সানচেজ।
স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৯ নভেম্বর আমরা ভোটের মাধ্যমে তাদের জানিয়ে দেব, স্পেন শাসিত হবে স্পেন থেকেই। ওয়াশিংটন থেকে নয়, তেল আবিব থেকে নয়, বুয়েনস এইরেস থেকে নয়, মস্কো থেকেও নয়। স্পেন শাসিত হবে স্পেন থেকেই।
তিনি আরও বলেন, আমরা আমাদের দেশকে আন্তর্জাতিক উগ্র ডানপন্থীদের ঘাঁটি কিংবা তাদের পেছনের উঠানে পরিণত হতে দেব না।
ইরানে যুদ্ধ এবং গাজ্জায় গণহত্যার বিরুদ্ধে নিজের সরকারের অবস্থান তুলে ধরেন সানচেজ। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন এবং ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ব্যয়ের আহ্বান প্রত্যাখ্যানের সিদ্ধান্তের পক্ষেও নিজের অবস্থান তুলে ধরেন স্পেনের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, স্পেন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সেবা ও পেনশন খাতকে অগ্রাধিকার দেওয়া অব্যাহত রাখবে।
আন্তর্জাতিক উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করে সানচেজ স্পেনকে একটি ‘আলোকবর্তিকা’ হিসেবে বর্ণনা করেন, যা বিশ্বকে অনুপ্রাণিত করে যাবে।
সূত্র : আনাদোলু এজেন্সি











