বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষা খাতে গবেষণার পরিধি ও মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি শিক্ষকদের আরও উন্নত মানের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে গবেষণার বিকল্প নেই।
রোববার (৮ নভেম্বর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করি। প্রতিনিয়ত আমাদের আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে।’
আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে হবে। তবে এআইয়ের যেন অপব্যবহার না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার শিক্ষাকে আনন্দময় করে তুলতে কাজ করছে। তাই শিক্ষকদেরও আনন্দময় পরিবেশে পাঠদান করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলাম যুগোপযোগী করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং নায়েমের পরিচালক প্রফেসর মো. শাহজাহান।











