spot_img
spot_img

হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে: হাসিনাকে রিজভী

ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে কটাক্ষ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, তিনি হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, নাকি হেলিকপ্টারে? ঢাকায় নামবেন, নাকি গোপালগঞ্জে?

রোববার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, “উনি নাকি চলে আসবেন ডিসেম্বরে। তাহলে আবু সাঈদদের শহীদ করলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করালেন, এই অপরাধ, এই পাপ, এই হত্যার কি বিচার হবে না?”

তিনি আরও বলেন, “কোথায় নামবেন? প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে? ঢাকায় নামবেন, না গোপালগঞ্জে? একটু বলে দিন, কোথায় নামবেন?”

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিএনপির এই নেতা বলেন, শহীদদের রক্ত মাটিতে শুকানোর আগেই শেখ হাসিনা দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন। তিনি দেশে আসতে পারেন, তবে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। গণতান্ত্রিক আন্দোলনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার করা হয়েছে, তা নিশ্চিত করতে হবে।

শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে রিজভী বলেন, তিনি দেশের জনগণের সামনে স্বাধীনতার চেতনার কথা বলতেন, অথচ দিল্লির কাছে গিয়ে নিজেই কৃতদাস হয়ে যেতেন। বাংলাদেশের জনগণ কোনো বিদেশি শক্তির আধিপত্য মেনে নেবে না।

ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই দিনের চেতনা অন্যায়ের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলেছে। ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও জনগণের সেই জাগরণের প্রতিফলন ঘটেছে।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে রিজভী বলেন, বিএনপির রাজনীতি সহজ ও সরল পথের রাজনীতি। খালেদা জিয়া এবং তারেক রহমান নিজেদের দেওয়া অঙ্গীকার রক্ষা করেছেন। অন্যদিকে ইসলামের নামে রাজনীতি করা কিছু দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ