শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডিতে নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারি কার্যক্রম সম্পন্ন হয়।
গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। তাঁদের মধ্য থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা। এসব পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহার। এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।











