দীর্ঘ আঞ্চলিক আলোচনার পর ইরাকে নিজেদের রাষ্ট্রদূত পুনর্বহালের পরিকল্পনার ঘোষণা দিয়েছে বাহরাইন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির দীর্ঘ প্রতীক্ষিত সরকারি বাহরাইন সফরের পর এ কূটনৈতিক অগ্রগতি এসেছে। দুই দশকেরও বেশি সময় পর এই প্রথম কোনো ইরাকি প্রধানমন্ত্রী বাহরাইন সফর করেছেন।
দুই দেশের সহযোগিতা পুনরায় চালুর বিষয়ে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল-জায়ানি এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে।
টেলিফোন আলাপে ড. আল-জায়ানি প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির সাম্প্রতিক উচ্চপর্যায়ের মানামা সফরের প্রশংসা করেন। ওই সফরে তিনি বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের গুরুত্ব বৃদ্ধি এবং আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী করার বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
চলতি বছরের শুরুর দিকে আঞ্চলিক অস্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাহরাইন ইরাক থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক দূরত্ব আরও বেড়ে যায়। বর্তমান সিদ্ধান্তকে সেই দূরত্ব কাটিয়ে সম্পর্ক পুনর্গঠনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইরাকে রাষ্ট্রদূত পুনর্বহালের সিদ্ধান্তের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক সংশোধন ও উন্নয়নে বাহরাইনের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে সব পর্যায়ের প্রাতিষ্ঠানিক কাঠামোয় তথ্য আদান-প্রদান এবং আনুষ্ঠানিক সমন্বয় জোরদার করার বিষয়টিও এ সিদ্ধান্তে গুরুত্ব পেয়েছে।
সূত্র : এআরওয়াই নিউজ











