আলোচনা ও সংলাপের জন্য ইরান প্রস্তুত, তবে কোনো ধরনের চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেছেন, যেকোনো আলোচনা অবশ্যই ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে।
রোববার (৮ নভেম্বর) ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইরানের ‘শত্রু’ আমেরিকা ও ইসরাইল দেশটিতে আঘাত হানার প্রচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি) আমাদের যুদ্ধও নয়, শান্তিও নয়, এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।’
তিনি বলেন, আমরা আত্মসম্মান নিয়ে কথা বলতে এবং সম্মানের সঙ্গেই বিষয়ের সুরাহা করতে পারি। আমরা আলাপ-আলোচনা ও সংলাপের মানুষ। সংলাপের মাধ্যমে যদি অধিকার আদায় করা যায়, তাহলে যুদ্ধে জড়ানো উচিত নয়। কিন্তু আমরা কোনো শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করব না।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশটি ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায়।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও আমি জোর দিয়েছিলাম, আমরা ন্যায়বিচার এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংলাপে বিশ্বাসী এবং নিজেদের অধিকার দাবি করি। কিন্তু কোনো বলপ্রয়োগের কাছে মাথা নত করব না।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের প্রস্তাব বহাল
এদিকে, সোমবার (৯ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চলমান সংকট সমাধানে তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে। আমেরিকা ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।
ইরানি বার্তা সংস্থা আইএসএনএ জানায়, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই প্রস্তাবটিকে সম্ভাব্য সবচেয়ে যুক্তিসঙ্গত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তেহরানের শর্তে ওয়াশিংটন সাড়া দিলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সূত্র: এএনআই, আইএসএনএ











