দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দিতেই শেখ হাসিনার দেশে ফেরার গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যে অপরাধ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তাতে বাস্তবে তার আর কখনো দেশে ফেরা সম্ভব নয়।
সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেখ হাসিনা শুধু দলীয় নেতাকর্মীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বারবার দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন। তবে তিনি ফিরতে না চাইলেও সরকারের উচিত তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।
তিনি বলেন, ভারতে আশ্রয় নিয়েও শেখ হাসিনা দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি। তাকে দেশে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে সরকার এ কাজ করতে পারে। তিনি নিজে আসতে চাইলেন কি না, সেটি বড় কথা নয়।
জামায়াতের মুখপাত্র বলেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কৌশল অবলম্বন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন, অথবা নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘তিনি ফ্রড এবং ফাউল কাজ করতে পারেন। এটা তার চরিত্রের সঙ্গে যায়।’ নিজের পদপদবি ঠিক রাখার জন্যও তিনি এমনটি করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না। তিনি আসতে না চাইলেও তাঁকে ফিরিয়ে আনতে হবে এবং বিচার কার্যকর করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় ফ্যাসিবাদী রাজনীতি করেছে। ভিন্নমতের ওপর আক্রমণ করা তাদের জন্মগত অভ্যাস। গণ-অভ্যুত্থানের পরও তাদের মধ্যে কোনো আফসোস নেই। সরকারের উচিত শক্তভাবে তাদের নিয়ন্ত্রণ করা। কিন্তু সরকার এখনো তা করতে পারছে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ আওয়ামী লীগকে সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন জামায়াতের মুখপাত্র। তিনি বলেন, এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রমাণ দিতে হবে। সরকার তা নিতে পারছে বলে তাঁদের মনে হচ্ছে না।











