প্রচুর অর্থ ব্যয় করে সহিংসতার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। খালি বাসে আগুন দেওয়া হলেও মানুষের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। আর এ ধরনের একটি ঘটনায় একজন মানুষের মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
তিনি বলেন, একটি সরকার জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকে। এ ধরনের ঘটনা ঘটলে এবং একজন মানুষের মৃত্যুও হলে যে কেউ মনে করতে পারেন, এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে। কারণ, সরকার এ ধরনের ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেছে, তাদের অনেককে হাতেনাতে ধরা হয়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে।
জনগণকে অযথা ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।











