spot_img
spot_img

আন্তর্জাতিক আইন লঙ্ঘনে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত নয়: এল-সায়েদ

পাকিস্তান, মিশর, জর্ডানসহ কয়েকটি দেশে আমেরিকার আর্থিক ও সামরিক সহায়তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন আমেরিকার সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম আবদুল এল-সায়েদ। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহায়তা করার জন্য আমেরিকার করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত নয়।

মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করা ডেমোক্র্যাট নেতা এল-সায়েদ মনে করেন, আমেরিকার বৈদেশিক সহায়তা নীতি অবশ্যই আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিষয়টি শুধু ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর আওতায় পাকিস্তান, মিশর ও জর্ডানকেও অন্তর্ভুক্ত করতে হবে।

এল-সায়েদ বলেন, আমরা যখন এমন কোনো দেশকে অর্থ দিচ্ছি, যে দেশ আমাদের দেওয়া অর্থ ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তখন আমার কাছে মনে হয়, এ বিষয়টি থেকেই আমাদের পদক্ষেপ শুরু করা উচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ ইসরাইলকে দেওয়া বার্ষিক প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধ করার পরিকল্পনা ঘোষণার পর এল-সায়েদ এ বক্তব্য দেন।

ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা কমানোর বিষয়ে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তিনি। এল-সায়েদ বলেন, এ বিষয়ে প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গির সঙ্গে তিনি একমত।

পাশাপাশি ইসরাইলের কাছে মার্কিন অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন এল-সায়েদ। তার অভিযোগ, আমেরিকার সরবরাহ করা কিছু অস্ত্র এমন কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে, যেগুলোকে তিনি গণহত্যা ও বর্ণবৈষম্য হিসেবে বর্ণনা করেছেন।

বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত কার্যকর একটি চুক্তির আওতায় আমেরিকা ইসরাইলকে বছরে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে।

তবে এল-সায়েদের সমালোচনা শুধু ইসরাইলের মধ্যেই সীমাবদ্ধ নয়। মিশর, সৌদি আরব, জর্ডান ও পাকিস্তানকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তার মতে, আমেরিকার করদাতাদের এই অর্থ বিদেশে সামরিক সহায়তা দেওয়ার পরিবর্তে দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক খাতে ব্যয় করা উচিত।

সূত্র : এবিসি নিউজ, আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ