spot_img
spot_img

বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির বিকল্প নেই: ইসহাক দার

আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সংলাপ, কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার কোনো বিকল্প নেই।

মারগাল্লা সংলাপে বক্তব্য দিতে গিয়ে ইসহাক দার বলেন, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বহুপক্ষীয় কূটনীতির প্রসার ঘটাতে হবে। আন্তর্জাতিক আইন বেছে বেছে প্রয়োগ করা হলে বৈষম্য সৃষ্টি হয় এবং বৈশ্বিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দুর্বল হয়ে পড়ে বলেও সতর্ক করেন তিনি।

উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে জাতিসংঘের আরও কার্যকর ভূমিকা পালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন ইসহাক দার। তিনি উল্লেখ করেন, প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বজুড়ে নতুন সুযোগ তৈরি করছে। তবে বিদ্যমান বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা উল্লেখযোগ্য চাপের মুখে রয়েছে।

সব ধরনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বৃহৎ শক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতা সংঘাত ও ভুল হিসাব-নিকাশের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

তিনি আরও বলেন, সামরিক শক্তির ব্যবহার কূটনীতির সুযোগ সংকুচিত করছে। এ কারণে সংলাপ ও রাজনৈতিক যোগাযোগের সুযোগ বাড়ানো ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ইসহাক দার বলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটছে। একই সঙ্গে বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে কঠিন করে তুলছে।

আন্তর্জাতিক নীতিমালার অসামঞ্জস্যপূর্ণ প্রয়োগ সব দেশের নিরাপত্তাকে প্রভাবিত করছে বলেও সতর্ক করেন তিনি। তার মতে, ভূরাজনীতি, অর্থনৈতিক কর্মকাণ্ড ও আর্থিক বিষয়গুলো ক্রমেই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ছে।

তিনি বলেন, বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি ও বিনিয়োগের সুযোগ লাভকে কেন্দ্র করে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। এ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ও জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর কূটনীতি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, উদীয়মান বৈশ্বিক ব্যবস্থার চূড়ান্ত রূপ এখনো অনিশ্চিত। পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি সম্পৃক্ততা, সহযোগিতা ও কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন।

সূত্র : দুনিয়া নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ