spot_img
spot_img

কাফনের কাপড় পাঠিয়ে হুমকি, চিরকুটে লেখা ভালো-মন্দ কিছু খেয়ে নিও

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে লেখা হয়েছে, ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নিও। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) ও জসিম উদ্দিনের ছেলে মনিরুজ্জামান মনিরের (৪০) বাড়িতে পৃথকভাবে এসব সামগ্রী পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির সামনে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।

বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।

অন্যদিকে মনিরের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।

ভুক্তভোগীদের বলেন, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে তাঁরা নিজেদের বাড়ির সামনে পৃথকভাবে লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ খুলে কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী এবং প্রাণনাশের হুমকিসংবলিত চিরকুট দেখতে পান।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনা দুটি সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ