spot_img
spot_img

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সিটি করপোরেশন ও নাগরিকরা নিজ নিজ দায়িত্ব পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ব্যবস্থা ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের উদ্ভাবনী কৌশল নিয়ে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

আবদুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনায় দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগের ঝুঁকিপূর্ণ কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জরিপে পরিদর্শিত স্থানের প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা বসতবাড়ির আশপাশে পাওয়া গেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সিটি করপোরেশন। তবে প্রত্যেক নাগরিককে নিজের বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন ও এসির পানি জমার স্থানসহ কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে।

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি করপোরেশন, সামাজিক সংগঠন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন ডিএসসিসি প্রশাসক। জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগে সিটি করপোরেশন সহযোগী হিসেবে পাশে থাকবে।

সেমিনারে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তাঁরা। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা।

সেমিনারে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, প্রতিরোধের কার্যকর উদ্যোগ, মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা হয়। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা, অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক উদ্যোগের সমন্বয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গবেষকদের মধ্যে সহযোগিতা জোরদার হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ