spot_img
spot_img

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদন ঘিরে ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত

বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহাপরিচালক পর্যায়ের এই সংলাপের তারিখ চূড়ান্ত করতে বাংলাদেশ শুরুতে অক্টোবরের শেষ দিকে প্রস্তাব দিয়েছিল। তবে দুর্গাপূজার কারণে ভারত নভেম্বর মাসকে বেছে নেয়। পরে ভারতের পক্ষ থেকে ১৭ ও ১৮ নভেম্বর সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হলে ঢাকা তাতে সম্মতি জানায়।

সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল।

২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ