জনগণের ভোটে নির্বাচিত সরকারের সময়ে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, প্রতিটি শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। একইভাবে অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে দুস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা শেষ করতে না পারে, সে বিষয়ে সরকার কাজ করবে। প্রতিটি শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার।
তিনি আরও বলেন, অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ হওয়া উচিত নয়। এ জন্য সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের ভাতা ও কার্ড দেওয়া হবে। এ ক্ষেত্রে দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সার বিতরণে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ডিলারদের রাজনৈতিক পরিচয় কিংবা ধর্মীয় বিশ্বাস নয়, তাঁদের কার্যক্রম বিবেচনা করা হবে। সার বিতরণে সামান্য অনিয়ম পাওয়া গেলেও সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ডিলারশিপ বাতিল করা হবে।
সরকারি কর্মকর্তাদের জবাবদিহির ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে জনপ্রতিনিধিদের যেমন জবাবদিহি করতে হবে, তেমনি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশে জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।











