spot_img
spot_img

রসগোল্লা ভেবে মুখে দিলেন বোমা, বিস্ফোরণে যুবকের মৃত্যু

ভারতের ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে রসগোল্লার মতো দেখতে একটি দেশীয় বোমা মুখে বিস্ফোরিত হয়ে রাজেন্দ্র বারৌতিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজ্যের দিনদোরি জেলায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৩ নভেম্বর) পুলিশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারতের কিছু গ্রামীণ এলাকায় বুনো শূকর শিকারে এ ধরনের দেশীয় বিস্ফোরক ব্যবহার করা হয়। ময়দার খামিরের সঙ্গে বারুদ মিশিয়ে ছোট ছোট গোলাকার বস্তু তৈরি করা হয়। এসব বিস্ফোরক দেখতে ভারতের জনপ্রিয় মিষ্টি রসগোল্লার মতো। রসগোল্লা নরম ও গোলাকার একধরনের মিষ্টি, যা চিনির শিরায় ডুবিয়ে তৈরি করা হয় এবং সাধারণত আস্ত অবস্থায় খাওয়া হয়।

মঙ্গলবার দিনদোরি জেলার একটি গ্রামে আগুনের পাশে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে বসেছিলেন রাজেন্দ্র। এ সময় এক গ্রামবাসী ওই বিস্ফোরকটি নিয়ে আসেন এবং আরেকজন সেটি রাজেন্দ্রকে দেন। মিষ্টি ভেবে মুখে দেওয়ার পর সেটি বিস্ফোরিত হয়।

পুলিশ কর্মকর্তা রেখা সিং এএফপিকে বলেন, এলাকার কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বুনো শূকর মারতে যে বোমা ব্যবহার করেন, সেটিই ওই ব্যক্তিকে খেতে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বোমাটি রাজেন্দ্রর মুখের ভেতরেই বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্য ছাড়া প্রাণঘাতী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

রেখা সিং বলেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছিল, নাকি নিছক দুষ্টুমি বা কৌতুকের ছলে ঘটনাটি ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটির তদন্ত চলছে।

সূত্র: এএফপি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ