আগামী তিন বছরের মধ্যে অতি-বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে বহু মানুষের প্রাণহানির পাশাপাশি মানবজাতির সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের অবসান ঘটতে পারে বলে সতর্ক করেছেন এআই গবেষক পল ক্রিস্টিয়ানো।
শুক্রবার (১৩ নভেম্বর) ইউরোপীয় নেতাদের সামনে গুরুতর সতর্কবার্তা তুলে ধরবেন ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত নোবেলজয়ী অধ্যাপক জিওফ্রে হিন্টন।
নিউরাল নেটওয়ার্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত ব্রিটিশ-কানাডীয় অধ্যাপক হিন্টন শুক্রবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ইউরোপীয় কাউন্সিলের এক অনানুষ্ঠানিক সম্মেলনে বক্তব্য দেবেন। ইউরোপীয় কাউন্সিলের আমন্ত্রণপত্র অনুযায়ী, সম্মেলনে সমাজে এআইয়ের প্রভাব, নিরাপত্তা, আস্থা, মৌলিক অধিকার ও উন্নত এআইয়ের নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।
এর আগে কানাডার টরন্টোতে জিওফ্রে হিন্টনের উদ্যোগে আয়োজিত ‘হিন্টন বক্তৃতামালা’য় এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পল ক্রিস্টিয়ানো। সেখানে বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা একপর্যায়ে সরকার ও মানুষের চেয়েও বেশি ক্ষমতাশালী হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেন।
ক্রিস্টিয়ানো সতর্ক করে বলেন, এআই একবার মানুষের নিয়ন্ত্রণ নিয়ে নিলে বহু মানুষের মৃত্যু হতে পারে। তাঁর ভাষায়, আগামী তিন বছরের মধ্যে এআইয়ের নিয়ন্ত্রণ দখলের উচ্চ ঝুঁকি রয়েছে। এমনকি আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যেও এ ধরনের পরিস্থিতি তৈরির উল্লেখযোগ্য আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, আমার মনে হয়, আগামী তিন বছরের মধ্যে এআইয়ের নিয়ন্ত্রণ দখলের উচ্চ ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে বহু মানুষের মৃত্যু হতে পারে। এমনকি আমরা মারা না গেলেও এআইয়ের নিয়ন্ত্রণ দখলের অর্থ হবে মানবজাতির সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের অবসান। এ পরিস্থিতি এড়াতে আমাদের অবিশ্বাস্য মাত্রায় কঠোর পরিশ্রম করা উচিত।
তিনি আরও বলেন, এই কক্ষে উপস্থিত অধিকাংশ মানুষের মৃত্যুর সবচেয়ে সম্ভাব্য কারণ হবে কোনো না কোনো এআই দুর্ঘটনা।
যুক্তরাজ্য সরকারকে এআই বিষয়ে অনানুষ্ঠানিক পরামর্শ দেওয়া অধ্যাপক হিন্টন দীর্ঘদিন ধরেই এ প্রযুক্তির সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে আসছেন। তবে এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে ওঠার ঝুঁকি এত দ্রুত সামনে চলে আসায় তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন।
হিন্টন বলেন, আমি এত দিন বলে আসছিলাম, এই প্রযুক্তি আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে এবং এ নিয়ে আমাদের সত্যিই উদ্বিগ্ন হওয়া উচিত। হয়তো আগামী ১০ বছরের মধ্যে এমনটি ঘটতে পারে। কিন্তু পলের বক্তৃতায় গিয়ে তিনি বলেন, আগামী ১৮ মাসের মধ্যেও এটি ঘটে যেতে পারে। বিষয়টি সত্যিই ভীতিকর।
তিনি আরও বলেন, যা ঘটছে, তা অত্যন্ত বিপজ্জনক। অতি-বুদ্ধিমান এআইয়ের মুখোমুখি হওয়ার অর্থ কী, তা মানুষ এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। এটি যদি অতি-বুদ্ধিমান হয়ে ওঠে, তাহলে আপনি একে নিয়ন্ত্রণ করবেন না, বরং এটিই আপনাকে নিয়ন্ত্রণ করবে।
গত ছয় মাসে এআইয়ের অগ্রগতির গতিও অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন ক্রিস্টিয়ানো। এ প্রসঙ্গে তিনি গত জুলাইয়ে ওপেনএআইয়ের এআই ব্যবস্থার একটি নিরাপত্তা পরীক্ষার ঘটনা তুলে ধরেন। ওই পরীক্ষায় এআই ব্যবস্থাগুলো নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করে ইন্টারনেটে প্রবেশ করে এবং যন্ত্রশিক্ষা গবেষণার অনলাইন প্ল্যাটফর্ম হাগিং ফেসের ব্যবস্থায় অনুপ্রবেশ করে।
ঘটনাটির তদন্তে দেখা যায়, এআই ব্যবস্থাগুলো ব্যবহারকারীদের প্রকাশ্যে উন্মুক্ত থাকা প্রবেশসংক্রান্ত তথ্য খুঁজে বের করে প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকার অর্জন করে। তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে কাজ ভাগ করে নেয়, একটি বার্তা আদান-প্রদানের বোর্ড তৈরি করে এবং পরীক্ষার ফলাফল যাচাইয়ের নথি পরিবর্তনের মাধ্যমে নিজেদের অনিয়ম আড়াল করার চেষ্টা করে।
ক্রিস্টিয়ানো বলেন, গত গ্রীষ্মেও কেউ এমন ঘটনার কথা বললে তা পাগলাটে কল্পবিজ্ঞানের গল্প মনে হতো। এসব এআই ব্যবস্থা হ্যাকিং ও নিরাপত্তাব্যবস্থা ভাঙার বিষয়ে খুব আগ্রহী ছিল, কিন্তু মানুষের প্রতি তাদের কোনো পরোয়া ছিল না। ভবিষ্যতের এআই ব্যবস্থাগুলো মানুষকেও নিজেদের কাজের পথে আরেকটি বাধা হিসেবে বিবেচনা করতে পারে।
তিনি আরও বলেন, এ ধরনের কোনো ত্রুটির কারণে এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতছাড়া হয়ে যাওয়া এবং মানুষের নিয়ন্ত্রণ চিরতরে হারিয়ে ফেলার বাস্তবসম্মত আশঙ্কা রয়েছে।
এআই কি নতুন একটি প্রজাতি?
ক্রিস্টিয়ানোর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে নতুন একটি প্রজাতির মতো বিবেচনা করা উচিত। অদূর ভবিষ্যতে এআই ব্যবস্থার সংখ্যা মানবজাতিকে বহুগুণ ছাড়িয়ে যেতে পারে এবং বুদ্ধিমত্তার দিক থেকেও তারা মানুষকে ছাড়িয়ে যেতে পারে। এসব ব্যবস্থার নিজস্ব উদ্দেশ্য ও লক্ষ্য থাকতে পারে, যা মানুষের পক্ষে উপলব্ধি করা কঠিন হবে।
তিনি বলেন, এআইয়ের অগ্রগতির গতি অত্যন্ত উদ্বেগজনক। ২০১৮ সালে যে এআই একটি অর্থবহ বাক্যও ঠিকভাবে লিখতে পারত না, সেটিই এখন বিশ্বের সবচেয়ে কঠিন গাণিতিক সমস্যাগুলোর সমাধান করছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে এসব বুদ্ধিমান ব্যবস্থা নিজেদের মতো নতুন এআই ব্যবস্থা তৈরি করতে পারে, নতুন অস্ত্র উদ্ভাবন করতে পারে এবং রোবট, চালকবিহীন আকাশযান, অবকাঠামো ও শিল্পকারখানার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে পারে।
এ ছাড়া এআইয়ের মাধ্যমে ‘মিরর লাইফ’ বা বিপরীত জৈবিক গঠনের জীব তৈরির আশঙ্কাও রয়েছে। এ ধরনের জীবের বিরুদ্ধে মানুষের শরীরে প্রাকৃতিক প্রতিরোধব্যবস্থা নাও থাকতে পারে।
ক্রিস্টিয়ানো বলেন, কৃত্রিম জীববিজ্ঞানে দক্ষ কেউ গবেষণাগারে এমন কিছু তৈরি করতে পারেন, যার তুলনায় প্রকৃতিতে আমাদের মুখোমুখি হওয়া মহামারিগুলো অনেক কম বিপজ্জনক।
তিনি আরও বলেন, সব ধরনের প্রবণতা একসঙ্গে বিবেচনা করলে আমরা এমন এক বিশ্বের দিকে এগোচ্ছি, যেখানে কোটি কোটি এআই ব্যবস্থা থাকবে। সেগুলো মানুষের প্রায় সব কাজেই মানুষকে ছাড়িয়ে যাবে, মানুষের চেয়ে বহুগুণ দ্রুত চিন্তা করবে এবং নিজেদের নির্ধারিত লক্ষ্য নিরলসভাবে অনুসরণ করবে।
ক্রিস্টিয়ানোর ভাষায়, এসব পরিস্থিতি ভীতিকর হওয়ার কারণ হলো, এআই ব্যবস্থা একবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেগুলোকে থামানো অত্যন্ত কঠিন হয়ে উঠবে।
সূত্র: দ্য সান, ইউরোপীয় কাউন্সিল, ওপেনএআই, এমইটিআর।











