spot_img
spot_img

প্রতি শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০ টাকা দরে

পোশাকশ্রমিকদের খাদ্যব্যয় কমাতে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রির বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচি শুরু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০ টাকা কেজি দরে।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ৬৬টি ট্রাকে চাল বিক্রি শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি ট্রাকে ৫ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীতে ৬টি ট্রাকে ৩০ মেট্রিক টন, সাভারে ৮টি ট্রাকে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে ২টি ট্রাকে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

প্রতি শুক্রবার দুই দফায় এ চাল বিক্রি করা হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় দফায় বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি চলবে। তবে ট্রাকে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।

কর্মসূচির আওতায় চাল সংগ্রহ করতে পোশাকশ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর করতে হবে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পদ্ধতিতে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ