spot_img
spot_img

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের দায় এড়ানোর চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: মাহমুদা মিতু

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

ডা. মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা ঘটার পর কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে তাঁদের মনে হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ‘কুষ্টিয়া রক্ষার’ কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে তাঁরা দেখেছেন। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র তাঁরা নিজের চোখে দেখেছেন। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলার সময় বাড়িটিতে মোট আটজন সদস্য অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হন। আগুনে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া দুটি ছাগল মারা যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজেই। মামলায় আটজনের নাম উল্লেখ করে আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ