spot_img
spot_img

আফগান প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার উপপ্রধানমন্ত্রীর বৈঠক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কাবুলে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন আখুন্দ।

প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী এবং রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক খাতের প্রতিনিধিরা।

বৈঠকে মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ বলেন, আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে আফগানিস্তানের প্রতি সমর্থন জানানোয় মস্কোকে ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে, আলেক্সেই ওভারচুক আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ও বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেন। একই সঙ্গে দেশটির বিভিন্ন খাতে বিনিয়োগে রাশিয়ার আগ্রহের কথা জানান তিনি।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার বেসরকারি খাতের প্রায় ৭০ জন প্রতিনিধি তাঁর সফরসঙ্গী হয়েছেন। তাঁরা বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার উপায় নিয়ে ইমারাতে ইসলামের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে আফগানিস্তানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আলেক্সেই ওভারচুক।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ