সরকারি উন্নয়নকাজে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করেন মন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় যান। সেখানে আরসিসি পদ্ধতিতে চলমান সড়ক উন্নয়নকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগরীর উন্নয়নকাজের অগ্রগতি এবং গুণগত মান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং নগরীর সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশনের নেওয়া উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন তিনি।











