ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আফিমজাত মাদক নিয়ে জাতিসংঘের একটি প্রতিবেদনকে ‘বিশেষভাবে তৈরি রাজনৈতিক অপপ্রচার’ বলে আখ্যা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের প্রতিবেদন প্রকাশ আফগানিস্তানে মাদক পাচারবিরোধী লড়াইয়ে কোনো সহায়তা করে না।
শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের প্রতিবেদনটির সমালোচনা করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) গত অক্টোবরের শেষ দিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান (আইইএ) মাদক নিষিদ্ধ করার পর প্রথমবারের মতো দেশটিতে আফিমজাত মাদকের চাষ, উৎপাদন ও বিতরণ বেড়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইমারাতে ইসলামিয়া ইতোমধ্যে প্রতিবেদনটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদনটি ভারসাম্যহীন বলে মনে হচ্ছে এবং এতে পরোক্ষ তথ্যপ্রমাণের ওপর নির্ভর করা হয়েছে। এসব তথ্যপ্রমাণের মধ্যে রয়েছে স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, যেগুলো বিভিন্ন বিশেষজ্ঞ ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন।
প্রতিবেদনে উল্লেখ করা জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে আফিম চাষের জমির পরিমাণ ছিল ১০ হাজার ২০০ হেক্টর। ২০২৬ সালে তা বেড়ে ৪৩ হাজার ৩০০ হেক্টরে দাঁড়িয়েছে। একই সময়ে আফিমের উৎপাদন ৩০০ টন থেকে বেড়ে ১ হাজার ৪৭০ টনে পৌঁছেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে, আফগানিস্তানে মাদকের সমস্যা এখনো রয়েছে এবং কাবুলের কর্তৃপক্ষও এ বিষয়ে অবগত। মন্ত্রণালয় জানিয়েছে, মাদক তৈরির পরীক্ষাগার ধ্বংস এবং মাদকদ্রব্য জব্দ করতে আফগান নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করছে।
বিবৃতিতে বলা হয়, গত এক সপ্তাহে আফগানিস্তানে ৭ দশমিক ৪ টনের বেশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং ৪ দশমিক ৭ টনের বেশি মাদক তৈরির প্রাথমিক রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। এ সময় মাদক তৈরির দুটি পরীক্ষাগারও ধ্বংস করা হয়েছে।
সূত্র : আরিয়ানা নিউজ











