spot_img
spot_img

আফগানিস্তানে ৬০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সুবিধায় নতুন সঞ্চালন লাইন উদ্বোধন করলেন মোল্লা বারাদার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার ফারিয়াব প্রদেশের মাইমানা ও আন্দখয় শহরকে সংযুক্তকারী ১১০ কিলোভোল্ট (কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার শেষে উদ্বোধন করেছেন। প্রকল্পটি চালু হওয়ায় প্রায় ৬০ হাজার গ্রাহক আরও স্থিতিশীল ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের সুবিধা পাবেন।

শনিবার (১৪ নভেম্বর) তিনি প্রকল্পটির উদ্বোধন করেন। অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বারাদার বলেন, এ প্রকল্প স্থানীয় বিদ্যুতের চাহিদা পূরণ, শিল্পকারখানার কার্যক্রম সম্প্রসারণ এবং অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান তুলনামূলক স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এর ফলে আমদানি করা বিদ্যুতের ওপর নির্ভরতা ও বিদ্যুৎ বিভ্রাট কমেছে। পাশাপাশি শিল্পের বিকাশেও নতুন সুযোগ তৈরি হয়েছে।

মোল্লা বারাদার আরও বলেন, টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগামী এক বছরে বেশ কয়েকটি বড় বিদ্যুৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের ফলে দেশের বিদ্যমান বিদ্যুৎ সক্ষমতা কয়েক গুণ বাড়বে।

আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশটিতে এমন নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে, যা বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় অতুলনীয়।

তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়া ক্ষমতায় ফেরার পর থেকে বিদেশি পর্যটক ও দর্শনার্থীরা আফগানিস্তানে আসছেন। তাদের অনেকে দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ভ্রমণ করছেন।

আফগানিস্তানে ভ্রমণের বিষয়ে কয়েকটি দেশের পক্ষ থেকে উত্থাপিত নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ প্রত্যাখ্যান করেন বারাদার। তিনি এসব উদ্বেগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। একই সঙ্গে বাস্তব পরিস্থিতির ভিত্তিতে আফগানিস্তানের সঙ্গে অর্থবহ যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

মোল্লা বারাদার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বড় ও মাঝারি আকারের বিনিয়োগের জন্য দেশটিতে নিরাপদ ও উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ