বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচটি দাবিকে স্বাগত জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বাংলাদেশের জন্য প্রতিশ্রুত ৩০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো এবং দুর্নীতিমুক্তভাবে ব্যয়ের নিশ্চয়তা চেয়েছে দলটির কপ৩১ প্রতিনিধি দল।
শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
তিনি বলেন, এর আগে জলবায়ু তহবিলে আন্তর্জাতিকভাবে আসা অর্থ ব্যয়ের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই আগামীতে যে বরাদ্দ আসতে যাচ্ছে, তা ব্যবহারে দুর্নীতি বন্ধ করতে নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম সালেহী পরিবেশ রক্ষায় জামায়াতের ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরেন। এতে রয়েছে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সাইড ইভেন্টে এ ভিশন তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষায় বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।
মাহবুবুল আলম সালেহী বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী না হলেও এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির ওপর। অথচ আগের জলবায়ু সম্মেলনগুলো থেকে প্রতিশ্রুত অর্থের ৯ শতাংশেরও কম তহবিল পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে বেশিরভাগই এসেছে ঋণ হিসেবে।
তাই ভবিষ্যতে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক তহবিল সংগ্রহে সরকারকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় বা আঞ্চলিক ইস্যু নয়। এ বিষয়ে প্রত্যাশিত তহবিল পেতে সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে অসহযোগিতার অভিযোগ
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলনের জন্য শনিবার দুপুর দেড়টায় পূর্বনির্ধারিত সময় থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ অসহযোগিতা করেছে।
তিনি জানান, প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের বিষয়টি পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি কথা বলে আগেই নিশ্চিত করা হয়েছিল।
এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, জামায়াত মূলত সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে জলবায়ু সম্মেলনে এসেছিল। কিন্তু সরকারের জলবায়ু সম্মেলনের প্রতিনিধিরা তাঁদের সহযোগিতা করেননি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কপ৩১ জামায়াত প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান।











