২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং এতে দেশের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিগত ১৫ বছরের শাসনামলকে দুঃশাসনের ইতিহাস হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, দেশের টেকসই উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করাকে অত্যন্ত গৌরবের বিষয় উল্লেখ করে স্পিকার বলেন, দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা কখনো জীবন উৎসর্গ করতে কার্পণ্য করেননি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, একাত্তরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে দুঃখজনকভাবে স্বাধীনতার পর ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেই ঐতিহাসিক অবদান ও কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল।
পৃথিবীর যেকোনো জাতির তুলনায় বাংলার দামাল সন্তানরা অনেক বেশি সাহসী উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সেদিন দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে প্রশিক্ষণবিহীন আপামর জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল।
দেশের বর্তমান প্রেক্ষাপট ও গণতন্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছিল মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিগত ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটাতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। ওই সময় উদ্যত সঙ্গিনের সামনে শহীদ আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। গণঅভ্যুত্থানে দেশের সামরিক বাহিনীও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে।
এমসি কলেজ প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের সম্মুখসমরের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার। অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কীভাবে জাতির গৌরবগাথার অংশ হয়েছিলেন, সেই অভিজ্ঞতা উপস্থিত ব্যক্তিদের সামনে তুলে ধরেন তিনি।
এ সময় এমসি কলেজের সেই যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি রাওয়ার সদস্য হওয়াও অত্যন্ত গৌরবের। রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘সামরিক বাহিনীতে কাটানো আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’
অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্টবেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।











