ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় কোনাবাড়ী-কাশিমপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান নেন। একপর্যায়ে বিপুলসংখ্যক শ্রমিক একত্র হয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।











