আমেরিকা, রাশিয়া ও চীন অর্থবহ পরমাণু নিরস্ত্রীকরণে অঙ্গীকারবদ্ধ হলে তা বিশ্বের জন্য বড় অর্জন হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বিশ্ব তখনই পুরোপুরি নিরাপদ হবে, যখন তা পারমাণবিক অস্ত্রমুক্ত হবে।
সোমবার (১৬ নভেম্বর) দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের অবকাশে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চলতি সপ্তাহের শেষ দিকে তিন দেশের নেতাদের মধ্যে পরিকল্পিত বৈঠকের আগে এ মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।
গুতেরেস বলেন, তিন নেতা যদি সত্যিই অর্থবহ পরমাণু নিরস্ত্রীকরণে অঙ্গীকারবদ্ধ হন, তাহলে তা হবে বিশ্বের জন্য এক বড় অর্জন।
তিনি জানান, পরমাণু নিরস্ত্রীকরণের যেকোনো উদ্যোগে অংশ নিতে এবং এর সফলতা নিশ্চিত করতে সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। তবে এমন অর্জন এখনো নিশ্চিত নয় বলেও সতর্ক করেন তিনি।
এ ছাড়া ‘শান্তিও নেই, যুদ্ধও নেই’ এমন বর্তমান পরিস্থিতির অবসানে ইরান ও আমেরিকার মধ্যে একটি কার্যকর কূটনৈতিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানান গুতেরেস।
তার মতে, বর্তমান পরিস্থিতি বিশ্ব অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। এর ফলে জ্বালানির দাম বেড়েছে এবং সার সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে।
এদিকে, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) বৈঠকের অবকাশে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, বৈঠকে তিন নেতা পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি











