ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার ৩৮তম বার্ষিকীতে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একই সঙ্গে স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের সংগ্রামে আঙ্কারার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ফিলিস্তিনি জনগণের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান এরদোগান। পাশাপাশি দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘সম্মানজনক প্রতিরোধের’ প্রশংসা করেন তিনি।
এরদোগান বলেন, তুরস্ক প্রতিটি ফোরামে সর্বোচ্চ শক্তি দিয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে। একই সঙ্গে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ভৌগোলিক অখণ্ডতাসম্পন্ন একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, স্বাধীন ও সমৃদ্ধ ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করতে তুরস্ক তার হাতে থাকা সব ধরনের উপায় কাজে লাগানো অব্যাহত রাখবে।
তুরস্কের প্রেসিডেন্টের এ বার্তা এমন এক সময়ে এসেছে, যখন গাজ্জাজুড়ে অস্থায়ী শিবিরগুলোতে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। এতে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি তীব্র শীতের মুখে পড়েছেন। একই সঙ্গে প্লাস্টিকের চাদর, কম্বল ও অন্যান্য সুরক্ষাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) শুক্রবার জানিয়েছে, বন্যায় দুই লাখের বেশি ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া ৪০ হাজারের বেশি পরিবারের বসবাসের অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছেন। তাদের মধ্যে ৪ লাখের বেশি মানুষ এমন উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছেন, যেখানে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
২০২৫ সালের ২০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের অব্যাহত লঙ্ঘনের মধ্যেই মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজার ৯৬৪ জন।
২০২৩ সালের অক্টোবরে গাজ্জায় দখলদার ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। ইসরাইলি হামলায় গাজ্জার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজ্জা পুনর্গঠনে প্রায় ৭ হাজার ১৪০ কোটি ডলার ব্যয় হবে।
সূত্র : আনাদোলু এজেন্সি











