নিষিদ্ধ ছাত্রলীগ আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বা রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তার পরিণতি অত্যন্ত ভয়ংকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বর্তমান কার্যক্রমকে ‘আঞ্চলিক দলের’ সঙ্গে তুলনা করে ছাত্রদল সভাপতি বলেন, ‘সর্বশেষ একটি আঞ্চলিক দলের মতো একটি জেলার এক-দুইটি থানায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতা করেছে। আমরা আনুষ্ঠানিকভাবে আজ পর্যন্ত কোনো নেতাকর্মীকে নির্দেশনা দিইনি। কারণ, আমরা তাদের সেই পরিমাণ গুরুত্ব দিচ্ছি না।’
তিনি বলেন, ‘রাতের অন্ধকারে টুকাই দিয়ে দুই-তিনটি ককটেল ফোটানো কিংবা সারা দেশে কোথাও মিছিল করতে না পেরে বিচ্ছিন্নভাবে কোথাও ছোটখাটো ঘটনা ঘটানোর জন্য ছাত্রদল কোনো পাল্টা কর্মসূচি দেবে না। ছাত্রদল তার নিজস্ব সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছে।’
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা ব্যক্তিগতভাবে ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছি, এ ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত কাউকে ক্যাম্পাসে পাওয়া গেলে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। আমরা আইনের শাসনে বিশ্বাসী। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার। সেজন্য আমরা সেই গণতান্ত্রিক পথই অনুসরণ করছি।’
সাধারণ ছাত্র-জনতা ক্ষুব্ধ হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘বেশ কিছু জায়গায় ছাত্র-জনতা আমাদের এ আহ্বানকে গুরুত্ব দিচ্ছে না। গণপিটুনি কাকে বলে এবং এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কী ধরনের প্রতিরোধ গড়ে উঠছে, তা যেন সন্ত্রাসীরা মনে রাখে। ১৮ বা ১৯ নভেম্বর আমাদের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি থাকবে না। আমরা আমাদের মতোই চলব। কিন্তু কোনো সন্ত্রাসী ক্যাম্পাসে বা রাজপথে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানোর দুঃসাহস করলে তার পরিণতি হবে ভয়ংকর।’
চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ‘সেই পরিণতি বরণ করার মতো সৎসাহস যদি থাকে কিংবা শেখ পরিবারের কোনো সদস্যের দেশে আসার মতো সৎসাহস থাকে, তবে তারা এসে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান। তাহলে আমরা বুঝব, আমাদের ছাত্রদলের নতুন কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত।’











