spot_img
spot_img

হাসিনাকে ভারত থেকে ‘পুশইন’ করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতা সুমনের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’ করে দেশের প্রচলিত আইনের আওতায় ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সহ-সম্পাদক ও দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাহমুদুর রহমান সুমন। একই সঙ্গে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতা বন্ধে ভারত সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্টুডেন্ট সেন্টারে ‘তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান সুমন বলেন, ভারতে অবস্থানরত হাসিনা ও তাঁর সহযোগীরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন। দেশে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্টের কোনো তৎপরতা যেন ভারতের ভূখণ্ড থেকে পরিচালিত হতে না পারে, তা নিশ্চিত করা জরুরি।

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে মাহমুদুর রহমান সুমন বলেন, ভারত যেভাবে কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশইন করে, একইভাবে হাসিনাকেও বাংলাদেশে পুশইন করা উচিত। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রহণ করবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া নিশ্চিত করবে। এর মাধ্যমে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ