spot_img
spot_img

ইমারাতে ইসলামিয়া ছাড়া শরিয়াহ বাস্তবায়ন সম্ভব নয়: আফগান আমিরুল মুমিনীন 

ইমারাতে ইসলামিয়া ছাড়া শরিয়াহ বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা। একই সঙ্গে মুসলমানদের ঐক্য বজায় রাখা এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সুরক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের ক্ষমতা ও কর্তৃত্ব ধরে রাখার জন্য মুসলমানদের একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইমারাতে ইসলামিয়ার নেতৃত্বের জারি করা ফরমানগুলোর প্রভাব পর্যালোচনায় কাবুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিজ্ঞান ও গবেষণাবিষয়ক সম্মেলনে এসব কথা বলেন মাওলানা আখুন্দজাদা।

তিনি বলেন, আফগানিস্তান ‘ফিতনা’ বা বিভেদের একটি সময় অতিক্রম করে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে দেশটির ভূখণ্ডের এক ইঞ্চিও অন্য কারও নিয়ন্ত্রণে নেই।

মাওলানা আখুন্দজাদা জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়াকে সুরক্ষিত রাখতে হবে। এ জন্য আফগানদের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

মুসলমানদের একটি দেহের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামি শিক্ষা প্রচার, জনসাধারণের চিন্তাভাবনায় প্রভাব বিস্তার এবং ইমারাতে ইসলামিয়ার নীতি ও প্রকৃতি সম্পর্কে জনগণকে বোঝানোর ক্ষেত্রে ধর্মীয় আলেমদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, আন্দোলনটির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ভিত্তি পবিত্র কোরআন। নেতার প্রতি সম্মান প্রদর্শনকে তিনি জনগণের প্রতি সম্মান প্রদর্শনেরই একটি রূপ হিসেবে বর্ণনা করেন। এ ছাড়া অন্যায় প্রতিরোধ করতে গিয়ে কেউ নিহত হলে তাকে ‘সর্বোত্তম শহীদ’ হিসেবে গণ্য করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইসলামি আইন বাস্তবায়ন প্রসঙ্গে মাওলানা আখুন্দজাদা বলেন, তার নির্বাহী আদেশ ছাড়া কিসাস (হত্যার বদলে হত্যার বিধান) ও শরিয়াহ নির্ধারিত শাস্তি কার্যকর করা যাবে না।

সম্মেলনে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী ধর্মীয় আলেমরা মাওলানা আখুন্দজাদাকে ‘শায়খুল ইসলাম’ উপাধিতে ভূষিত করেন।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ