আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে সাধারণ মানুষকে কচুকাটা করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আওয়ামী লীগের অপরাধের বিচার কার্যকর ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিগত সময়ের প্রেক্ষাপট তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, দলের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মী থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব এবং সচিবালয়ের সচিব পর্যন্ত সবাইকে লোটাপত্র নিয়ে পালিয়ে যেতে হয়েছিল। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কেন তাঁদের পালাতে হয়েছিল, সেই প্রশ্নও তোলেন তিনি।
টেলিভিশনের টকশো আলোচকদের কঠোর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, যারা টকশোতে আওয়ামী লীগের হত্যা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের পক্ষে কথা বলেন, তাঁরা মূলত দলটি ফিরে এলে বিভিন্ন পদ-পদবি পাওয়ার আশায় এমনটি করছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ আসলে কেউ প্রেস সেক্রেটারি হবেন, কেউ উপ-প্রেস সেক্রেটারি হবেন। সুতরাং আপনার দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের প্রতি এক ধরনের। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে। সুতরাং আপনি যদি মনে করেন জনগণও আপনার দৃষ্টিতে আওয়ামী লীগকে দেখবে, সেটা ভুল।’
বক্তব্যের শেষে জনগণের প্রত্যাশার কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের অপরাধের বিচার কার্যকর ও বাস্তবায়নের দাবি জানান।











