spot_img
spot_img

হাসিনা পরিবারের ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি আমেরিকায় হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে নতুন সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। এসব সম্পদের বিস্তারিত তথ্য জানতে আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক সচিব জানান, হাসিনা, তাঁর বোন রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করেছে সংস্থাটি। এর মধ্যে ১৭টি মামলা তদন্তাধীন রয়েছে এবং সাতটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত ছয়টি মামলার রায় ইতিমধ্যে হয়েছে।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের কাছে মোট ১৯টি অভিযোগ ছিল। এর মধ্যে সাতটি অভিযোগের বিষয়ে মামলা হয়েছে এবং বাকি ১২টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

নতুন মামলার সম্ভাবনা নিয়ে সাইদুর রহমান খান বলেন, এসব অভিযোগের বিভিন্ন ঘটনা আলাদা করে হিসাব করলে আরও ৩৭টি মামলা করা সম্ভব। তবে অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হলে মামলার সংখ্যা কম-বেশি হতে পারে। সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে বিচার নিশ্চিত করাই দুদকের লক্ষ্য।

উদাহরণ হিসেবে তিনি বলেন, দেশের ৬৪ জেলায় নির্মিত মুজিব ম্যুরাল নিয়ে চাইলে ৬৪টি পৃথক মামলা করা যেত। তবে তদন্তের ফলাফল ও অভিযোগের ধরন বিবেচনা করেই মামলার সংখ্যা নির্ধারণ করা হবে।

এদিকে হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে দুদক। এসব মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

দুদক সূত্র জানায়, গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি উন্নয়ন প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে।

এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

spot_img
spot_img
spot_img

সর্বশেষ