spot_img
spot_img

ইয়েমেনে হুথিদের ৬০ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি সৌদি জোটের

ইয়েমেনের রাজধানী সানা ও হোদেইদাহ, আমরান এবং সাদা প্রদেশে ইরান সমর্থিত হুথি বাহিনীর ৬০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বুধবার (১৮ নভেম্বর) ভোরে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুথি বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দুর্বল করা এবং সামুদ্রিক হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, ধ্বংস করা লক্ষ্যবস্তুগুলোর মধ্যে পার্বত্য এলাকায় অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের সুড়ঙ্গ এবং ড্রোন সংযোজন ও মজুদের স্থাপনা রয়েছে।

জাতিসংঘের প্রতিবেদন উদ্ধৃত করে আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। এ ছাড়া আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ