spot_img
spot_img

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৯ কারখানা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে এ পথে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় একই দাবিতে বিক্ষোভ করেন তারা।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ছয়দানা এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা অবরোধ অব্যাহত রাখলে সকাল সোয়া ৯টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। পরে শ্রমিকেরা আবার হারিকেন এলাকায় অবস্থান নেন।

অন্যদিকে, মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন। তবে তারা মহাসড়কে অবস্থান নেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে জানিয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ