spot_img
spot_img

আমাদের ইমান ঠিক রাখতে কওমি মাদ্রাসার প্রতি যত্নবান হতে হবে: ধর্মমন্ত্রী

কওমি মাদ্রাসাগুলো মুসলমানদের মূল ভিত্তি উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, এসব মাদ্রাসা দেখে-শুনে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ইমান ঠিক রাখতে হলে এই ভিত্তির প্রতি যত্নবান হতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খতমে নবুওয়াতের প্রতি বিশ্বাসকে ইমানের মূল ভিত্তি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, যারা রাসুলুল্লাহ (সা.)-কে আখেরি নবী হিসেবে মানে না, তারা মুসলমান নয়। আল্লাহর হুকুম ও রাসুলের হুকুমের জন্য প্রয়োজনে জীবন দিতেও তিনি প্রস্তুত।

তিনি বলেন, মানবজাতির হেদায়েত ও সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে বহু নবী ও রাসুল পাঠিয়েছেন। সেই নবুওয়াতের ধারার পূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি ঘটেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।

দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী আরও বলেন, ইসলামের জন্য এবং দেশের আলেমদের জন্য যা করা দরকার তিনি ইনশাআল্লাহ তা করবেন। ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের সঙ্গে আছেন এবং থাকবেন বলেও জানান তিনি।

আলেমদের যেকোনো প্রয়োজনে তাকে ফোন করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সরকারি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরও পাঁচ হাজার বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৫০০-এ উন্নীত করা হয়েছে। এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে ধর্মমন্ত্রী উপস্থিত আলেম-ওলামা, হেফাজতে ইসলামের আমির, মহাসচিব ও পীর-মাশায়েখদের কাছে দোয়া চান। একই সঙ্গে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ