spot_img
spot_img

সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ

ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২২ নভেম্বর) রাত ৩টার পর এ হামলার ঘটনা ঘটে বলে মিয়া গোলাম পরওয়ার তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাত ৩টার পর নিষিদ্ধ আওয়ামী লীগ ডাকসুর জনপ্রিয় ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে।

তিনি বলেন, তাণ্ডব, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তারা সব সীমা অতিক্রম করছে। তাদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা এবং আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতারও তীব্র নিন্দা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাঁদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে।

তিনি ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এর সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ