পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ বাটলা। সাবেক আমীর মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পাকিস্তান তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি। নতুন আমীর নির্বাচিত হওয়ার খবর পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
গত ১৬ নভেম্বর ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন পাকিস্তান তাবলিগ জামাতের সাবেক আমীর মাওলানা নজরুর রহমান। তাঁর ইন্তেকালের পর সংগঠনটির নেতৃত্বে শূন্যতা তৈরি হয়। পরে রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে মাওলানা আহমদ বাটলাকে নতুন আমীর হিসেবে মনোনীত করা হয়। এর আগে তিনি দীর্ঘদিন নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে রায়বেন্ড মারকাজের শায়খুল হাদিস হিসেবেও পরিচিত তিনি।
মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের একজন জ্যেষ্ঠ মুরব্বি এবং তাবলিগ জামাতের আন্তর্জাতিক শূরার সদস্য। দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের কাজে যুক্ত থাকার পাশাপাশি দ্বীনি শিক্ষা, হাদিসের পাঠদান ও মুসলমানদের আমলি জীবনে পরিবর্তন আনতে কাজ করে আসছেন তিনি। তাঁর বয়ান ও আলোচনায় দ্বীনের দাওয়াত, আত্মশুদ্ধি, তওবা, সুন্নাহর অনুসরণ এবং দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
সাধারণ ও সহজ ভাষায় হৃদয়গ্রাহী বয়ানের জন্যও তিনি পরিচিত। তাঁর বক্তব্যে মুসলমানদের ঈমান-আমল ঠিক করা, আল্লাহর কাছে ফিরে আসা এবং নবীদের দাওয়াতি মিশন অনুসরণ করে জীবন পরিচালনার প্রতি আহ্বান উঠে আসে। রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বিদের মধ্যে দীর্ঘদিনের দ্বীনি খেদমত, সরল জীবনযাপন ও দাওয়াতি মেহনতের কারণে তিনি বিশেষ পরিচিতি লাভ করেছেন।
পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে মাওলানা আহমদ বাটলার নাম আগেও আলোচনায় এসেছিল। ২০১৮ সালের নভেম্বরে তাবলিগ জামাতের তৃতীয় আমীর হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব ইন্তেকাল করেন। এর আগে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তাঁর অসিয়তে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। তাঁরা হলেন মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।
হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শক্রমে মাওলানা নজরুর রহমানকে আমীর নির্বাচিত করা হয়। তখন মাওলানা আহমদ বাটলা নায়েবে আমীরের দায়িত্ব পান। দীর্ঘদিন সেই দায়িত্ব পালন করার পর এবার আমীর হিসেবে তাঁর ওপর নতুন দায়িত্ব অর্পিত হলো।
২০২৬ সালের রায়বেন্ড বিশ্ব ইজতেমায়ও মাওলানা আহমদ বাটলার বয়ান বিশেষ গুরুত্ব পেয়েছিল। ইজতেমায় আসরের নামাজের পর প্রথম বয়ান করেন তিনি। ওই বয়ানে তওবা, আল্লাহর কাছে ফিরে আসা, নবীদের মিশন বাস্তবায়ন এবং আখিরাতে সফলতা অর্জনের বিষয়ে মুসল্লিদের প্রতি আহ্বান জানান। তিনি মানুষকে দ্বীনের পথে ফিরে আসা এবং নিজেদের জীবন ইসলামের শিক্ষা অনুযায়ী গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।
মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘদিনের দাওয়াতি অভিজ্ঞতা ও রায়বেন্ড মারকাজের সঙ্গে গভীর সম্পৃক্ততার কারণে মাওলানা আহমদ বাটলার নেতৃত্বে সংগঠনটির দাওয়াতি কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।











