জুলাই গণঅভ্যুত্থানে শত শত পুলিশ নিহত হওয়ার প্রসঙ্গ টেনে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার সঙ্গে তুলনা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
তিনি বলেছেন, গোপালগঞ্জে থানা পোড়ানো হলেও অন্তত পুলিশ হত্যা করা হয়নি। অথচ জুলাইয়ে শত শত পুলিশ মারা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, জুলাইয়ে পুলিশ হত্যা, থানা পোড়ানোসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের পরিবারের সদস্যদের কান্নারও মূল্য দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। যারা পুলিশকে হত্যার নির্দেশ দিয়েছে তাদের বিচার হওয়া উচিত। একই সঙ্গে কোনো পুলিশ সদস্য নিজ উদ্যোগে অতিরিক্ত বলপ্রয়োগ বা অপরাধ করে থাকলে তারও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমি বলেছিলাম, (জুলাইয়ে) শাহজাদপুরে পুলিশকে হত্যা করলেন, গর্ভবতী মাকে মেরে ফেললেন, শত শত থানা পুড়িয়ে দিলেন। হাজার হাজার পুলিশ কোথায় গেল, জানি না। তবে শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছে। এই যে কাজটা করলেন, পুলিশের মায়ের চোখের পানির কি কোনো মূল্য নাই? তারা তো আদেশের, তারা তো অর্ডারের চাকর। তারা আদেশ পালন করছে। উপরওয়ালাদের বিচার করেন। আর পুলিশও যদি নিজে থেকে অনেক বেশি আগ্রহী হয়ে চার্জ করে, তারও বিচার করেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, থানা পুড়িয়ে দেন, পুলিশ মেরে ফেলেন। আজকে তারই প্রতিফলন আমরা দেখছি টুঙ্গিপাড়ায়, চলছে মুকসুদপুরে। তাহলে শিক্ষাটা কে দিয়েছিল? থানা পোড়ানো, পুলিশ মারা, তারা তো অন্তত পুলিশ মারে নাই। কিন্তু আপনারা (জুলাইয়ে) পুলিশ পর্যন্ত পুড়িয়ে দিয়েছেন, মেরে ফেলেছেন, চুলায় রেখেছেন। এই শিক্ষাগুলো তো একজনের কাছ থেকে আরেকজন শেখে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নিয়ে প্রশ্ন তুলে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোও বর্তমানে রাজনীতি করতে পারছে না। কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ, জাতীয় পার্টি ও রব সাহেবদের দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, বর্তমানে রাজনৈতিক মাঠে মূলত বিএনপি, জামায়াত ও এনসিপিকে ঘিরেই রাজনীতি আবর্তিত হচ্ছে।
নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানান তিনি। ফজলুর রহমান বলেন, ৩০ শতাংশের বেশি সমর্থন রয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান ভূমিকা পালন করেছে এমন একটি রাজনৈতিক দলকে বন্ধ করে রাখা সমীচীন নয়।
তিনি বলেন, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, যার ৩০ শতাংশের উপরে সমর্থন আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যার প্রধান ভূমিকা, সেই দলটাকে বন্ধ করে রাখা খুব সমীচীন বলে মনে হয় না। যত আপনি বন্ধ করে রাখবেন, একটা নদীর স্রোতে যখন বাঁধ দিয়ে পানিটা বন্ধ করবেন, তখন স্রোত কিন্তু উতলে উঠবে, ওদিক দিয়ে উপচে পড়বে। যেদিন বাঁধ ভেঙে যাবে, সেদিন লোহার বাঁধ দিয়েও এটাকে থামাতে পারবেন। বালির বাঁধ ভেঙে দেওয়ার পরে না।
নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড আইন অনুযায়ী মোকাবিলার পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের অপরাধের ক্ষেত্রেও আইন প্রয়োগের দাবি জানান তিনি। ছাত্রদল, যুবদল, জামায়াত ও এনসিপির নামে কেউ সহিংসতা বা অগ্নিসংযোগ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন ফজলুর রহমান।
তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। নিষিদ্ধ দল কী করছে, না করছে, সেটা সরকার আইনগতভাবে তাকে দমন করবে। কিন্তু যদি ছাত্রদল, যুবদলের নামে অথবা জামায়াত বা এনসিপির নামে কেউ কারও বাড়িতে আগুন দেয়, তারা তো নিষিদ্ধ না, তারা তো আইন মানতে বাধ্য। এই সন্ত্রাসীপনা যারা করতেছে, এগুলো কি চোখে দেখা যায় না? এদেরকে কেন বিরত করে না সরকার? আমি এটা বুঝি না। এদেরকে কেন অ্যারেস্ট করে না? এরা কারা?











